ভূরাজনৈতিক সংকট ও বাড়তি চাহিদায় বদলে যাচ্ছে শিল্পধাতুর বাজার
উড ম্যাকেঞ্জির ধাতু ও খনিজ গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিন্ডসে গ্রান্ট বলেন, ধাতুর দাম বাড়লে নতুন বিনিয়োগ হওয়ার কথা। কিন্তু খনি প্রকল্প অনুমোদনের গতি প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না। দ্রুত অনুমোদন ও বিনিয়োগ না এলে ভবিষ্যতের চাহিদা মেটানোর মতো খনিজ সরবরাহ নিশ্চিত করা কঠিন হবে
ভূরাজনৈতিক উত্তেজনা, সরবরাহ সংকট এবং বিদ্যুতের বাড়তি চাহিদার কারণে বিশ্বজুড়ে মৌলিক ধাতুর বাজারে বড় পরিবর্তন আসছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রসারে দ্রুত বাড়ছে ডাটা সেন্টারের সংখ্যা। এসব ডাটা সেন্টারের বিদ্যুৎ অবকাঠামো তৈরিতে বিপুল পরিমাণ ধাতুর প্রয়োজন হচ্ছে। ফলে তামা ও অ্যালুমিনিয়ামের মতো গুরুত্বপূর্ণ ধাতুর ওপর নতুন চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
AKIJ Board Advertisement
প্রতিষ্ঠানটি জানিয়েছে, খনি প্রকল্পে নতুন বিনিয়োগের গতি বেশ ধীর। সরকারি অনুমোদন পেতে দেরি এবং বিশ্বরাজনীতির অনিশ্চয়তার কারণে অনেক প্রকল্প থমকে আছে। ফলে বাজারে ধাতুর দাম বাড়লেও নতুন খনি চালু করা সম্ভব হচ্ছে না।
উড ম্যাকেঞ্জির হিসাবে, বিশ্বজুড়ে ডাটা সেন্টার নির্মাণের পরিকল্পিত সক্ষমতা ২৫০ গিগাওয়াট ছাড়িয়েছে। এসব কেন্দ্রে বিদ্যুৎ দিতে সঞ্চালন লাইন ও উপকেন্দ্র বানাতে হয়। এসব অবকাঠামো তৈরিতে মূল ভবনের চেয়েও তিন থেকে চার গুণ বেশি ধাতু লাগে। ম্যাকেঞ্জির পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২০৩০ সালের মধ্যে এআই ডাটা সেন্টারে বিদ্যুতের চাহিদা পাঁচ গুণ পর্যন্ত বাড়তে পারে। আর ২০৩৫ সাল নাগাদ তা ১ হাজার টেরাওয়াট ঘণ্টা ছাড়াতে পারে।
উড ম্যাকেঞ্জির ধাতু ও খনিজ গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিন্ডসে গ্রান্ট বলেন, ‘ধাতুর দাম বাড়লে নতুন বিনিয়োগ হওয়ার কথা। কিন্তু খনি প্রকল্প অনুমোদনের গতি প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না। দ্রুত অনুমোদন ও বিনিয়োগ না এলে ভবিষ্যতের চাহিদা মেটানোর মতো খনিজ সরবরাহ নিশ্চিত করা কঠিন হবে।’
প্রতিবেদনে প্রধান তিনটি ধাতুর বর্তমান বাজারচিত্র তুলে ধরা হয়েছে। এগুলো হলো—
তামা: বিশ্বজুড়ে তামার তীব্র সংকট চলছে। বাজারে দর বেড়ে প্রতি টন তামা ১৪ হাজার ৭৫৯ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত মজুদের কারণে বিশ্বের অন্যান্য অঞ্চলে সাড়ে চার লাখ টন তামার ঘাটতি দেখা দিয়েছে। আগামী এক দশকে চাহিদা সামলাতে প্রতি বছর ৮ লাখ ৫০ হাজার টন নতুন তামার জোগান দিতে হবে। চিলিতে চলতি বছর তামার উত্তোলন কমতে পারে ৫ দশমিক ২ শতাংশ। তবে আগামী বছর বিশ্বে খনি থেকে তামার উত্তোলন ৫ শতাংশের বেশি বাড়ার পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যালুমিনিয়াম: মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বের দুটি বড় কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অ্যালুমিনিয়াম উৎপাদন কমেছে ২ শতাংশ। ফলে চলতি বছর বাজারে ১০ লাখ টন অ্যালুমিনিয়ামের ঘাটতি তৈরি হতে পারে। তবে চীন ও ইন্দোনেশিয়ায় উৎপাদন বাড়ায় আগামী বছর বাজারে দেখা দিতে পারে অতিরিক্ত জোগান।
নিকেল: খনি থেকে আকরিক তোলার ওপর কড়াকড়ি থাকায় চলতি বছর নিকেলের উৎপাদন কমতে পারে ২ শতাংশ। যদি এমন হয় তবে ২০১৫ সালের পর এবারই প্রথম নিকেলের বৈশ্বিক উৎপাদন কমতে পারে। কিন্তু উড ম্যাকেঞ্জির পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ নিকেলের দাম বেড়ে প্রতি টন ১৯ হাজার ডলারে উঠতে পারে।